সংবাদ সুত্র ডট কম : কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ মিরাজ শেখ (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টা ১৫ মিনিটের দিকে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো: জাহেদুর রহমানের নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমবাড়ীয়া নতুন বাজারসংলগ্ন মোঃ বসির আলীর মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোঃ মিরাজ শেখ আমবাড়ীয়া শেখপাড়া এলাকার মৃত তাইজদ্দীন শেখ ওরফে তাইজাল শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে খোকসা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ১৪, তারিখ ১৫ অক্টোবর ২০২৬।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে খোকসা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।







