সংবাদ সুত্র ডট কম: কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ১৫ মিনিটে উপজেলার আমবাড়িয়া নতুন বাজারসংলগ্ন একটি মুদি ও চা-বিস্কুটের দোকান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, খোকসা উপজেলার উত্তর আমবাড়িয়া গ্রামের হাবিবুর রহমান মন্ডলের ছেলে মো. হাসান মন্ডল (২৮) এবং ফুলবাড়ি মালপাড়া গ্রামের মো. ছাদেক সর্দ্দারের ছেলে মো. কাকন সর্দ্দার (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলার আমবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় আমবাড়িয়া নতুন বাজারসংলগ্ন হাসান মন্ডলের চৌচালা টিনের মুদি ও চা-বিস্কুটের দোকান থেকে ইয়াবা ট্যাবলেটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে খোকসা থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। মামলা দুটি হলো—খোকসা থানার মামলা নম্বর ১১ ও ১২, তারিখ ১৩ অক্টোবর ২০২৬। উভয় মামলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে খোকসা থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।












