সংবাদ সুত্র ডট কম : কুষ্টিয়ার খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। পরে ডোপ টেস্টের মাধ্যমে মাদক গ্রহণের বিষয়টি পরীক্ষা করা হয়। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১২ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটে খোকসা থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো,খোকসা উপজেলার জানিপুর গ্রামের মো. নাজমুল হোসেন (৪২), তাঁর বাবার নাম মো. মুন্নাফ বিশ্বাস। অন্য তিনজন হলেন কমলাপুর গ্রামের মো. তামিম হোসেন (২২), পিতা মো. রাশেদ হোসেন ছাব্বির রহমান (১৯), পিতা মো. সোহেল রানা; এবং শ্রী দিপংকর বিশ্বাস (১৮), পিতা বাবুল বিশ্বাস।
পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়ার অংশ হিসেবে গ্রেপ্তার ব্যক্তিদের ডোপ টেস্ট করা হয়। পরে কুষ্টিয়ার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করতে এ ধরনের অভিযান ও আইনানুগ ব্যবস্থা অব্যাহত রয়েছে।







