স্টাফ রিপোর্টার: কুষ্টিয়ার খোকসায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের গুদামঘর থেকে সুমন কুন্ডু (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি খোকসা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও আড়তদার রঞ্জিত কুন্ডুর ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার জানিপুর বাজারে তাঁর নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানের গুদামঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সুমন কুন্ডু জানিপুর বাজারে মুদিপণ্যের ব্যবসা করতেন। রাতে ব্যবসা প্রতিষ্ঠানের গুদামঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা তাৎক্ষণিকভাবে খোকসা থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য খোকসা থানায় নেওয়া হয়েছে।
এদিকে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুমনের সঙ্গে পরিবারের কোনো বিরোধ বা পারিবারিক সমস্যা ছিল না। তবে তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে সন্দেহের কথা জানানো হয়েছে। এটি আত্মহত্যা, নাকি অন্য কোনো ঘটনা তা নিয়ে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয়দের মতে, সংশ্লিষ্ট এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করলে ঘটনার আগে-পরে কী ঘটেছিল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. জাহেদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ জানিয়েছে, তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে।












