শেখ মিলন, খোকসা: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার খোকসায় বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫ টার দিকে খোকসা থানা যুবদলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. বাহারুল আলম বাহারের নেতৃত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়।
র্যালিটি খোকসা মুক্তিযোদ্ধা চত্বর থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালি-পরবর্তী বক্তব্যে নেতারা খোকসায় বিএনপি ও যুবদলের অভ্যন্তরীণ গ্রুপিং রাজনীতি নিয়ে মন্তব্য করেন। থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাহরুল আলম বাহার বলেন, খোকসায় রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে। থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের নেতৃত্বে তাঁরা দীর্ঘ ১৭ বছর ধরে সংগঠনকে বুকে ধারণ করে রেখেছেন বলেও দাবি করেন।
এ সময় যুবদল নেতা রাকিবুল হাসান রাজীব বলেন, জাতীয় পার্টি থেকে এসে বিএনপিতে যুক্ত হওয়া একজন জ্যেষ্ঠ ব্যক্তি সংগঠনের মধ্যে গভীর ষড়যন্ত্র চালাচ্ছেন বলে তাঁরা মনে করেন।
যুবদলের আহ্বায়ক আবু হেনা মোস্তফা সালাম লুলু বলেন, খোকসায় যুবদলের কোনো সংগঠন হলে আমার হাত দিয়েই হবে। ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই।
এ ছাড়া যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য দেন। তাঁদের বক্তব্যে খোকসায় যুবদলের সাংগঠনিক নেতৃত্ব, অভ্যন্তরীণ বিভাজন ও দলীয় অবস্থান নিয়ে অসন্তোষের বিষয়টি উঠে আসে।










